দক্ষিণ এশিয়া

দিল্লিতে বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে বাসা থেকে আটক করল পুলিশ

ইউটিউবার ধ্রুব রাঠি

দিল্লি, ১০ অক্টোবর- ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাসা থেকে আটক করেছে পুলিশ।

শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত বাসা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল গুরুগ্রামে ধ্রুব রাঠির বাসায় যায় এবং তাকে আটক করে। ধ্রুব রাঠিকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। দলটি তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ককরোচ জনতা পার্টি (সিজিপি) ধ্রুব রাঠিকে আটকের বিষয়টি নিশ্চিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, নির্বাচনী ত্রুটি নিয়ে গণতান্ত্রিক প্রতিবাদ ও মানুষের কণ্ঠ রোধ করতেই সরকার এ ধরনের দমনপীড়ন চালাচ্ছে। একই সঙ্গে ধ্রুব রাঠিসহ আটক সব নাগরিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজিপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধ্রুব রাঠির বাসার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্রুব রাঠির বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তার চ্যানেলের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

এস এম/ ১০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language