
টরন্টোর স্কারবরো সাউথওয়েস্টে প্রতি চারজন বাসিন্দার একজন দক্ষিণ এশীয়; প্রায় অর্ধেক অভিবাসী। এ বছর এখানকার ভোটাররা দেখেছেন পরপর দুটি উপনির্বাচন। এপ্রিলে ফেডারেল উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে গেছেন ডলি বেগম। সেপ্টেম্বরে প্রাদেশিক উপনির্বাচনে জয়ী হয়েছেন ফাতিমা শাবান। এবার কাউন্সিলর প্রার্থীদের বিতর্কে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত শারমিনা নাসরিন।
সোমবার, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়ার্ড ২০-এর বিতর্কে শারমিনার আত্মবিশ্বাসী উপস্থিতি প্রশংসিত হয়। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন বর্তমান কাউন্সিলর পার্থি কান্দাভেল, কেভিন রূপাসিংহে ও এরিয়েল-র্যাচেল কারোকিস। বাংলাদেশি বংশোদ্ভূত আরও দুই প্রার্থীকে আমন্ত্রণ জানানো হলেও তাঁরা অংশ নেননি। আয়োজকদের প্রকাশিত অংশগ্রহণকারীর তালিকায় এই চারজনের নাম ছিল।
ফার্মেসি অ্যাভিনিউয়ের ওয়েস্ট স্কারবরো নেইবারহুড কমিউনিটি সেন্টারে বিতর্কটি যৌথভাবে আয়োজন করে কেন্দ্রটি, স্কারবরো ইউনাইটেড নেইবারহুডস এবং সাউথ এশিয়ান উইমেন অ্যান্ড ইমিগ্র্যান্টস সার্ভিসেস। স্থানীয় সংবাদমাধ্যম বিচ মেট্রো আয়োজনে অ্যাকসেস অ্যালায়েন্স মাল্টিকালচারাল হেলথ অ্যান্ড কমিউনিটি সার্ভিসেসের অংশগ্রহণের কথাও জানিয়েছে। সঞ্চালকের প্রশ্নের পাশাপাশি উপস্থিত ভোটারদের লিখিত প্রশ্ন জমা দেওয়ার সুযোগ ছিল। আসন্ন পৌর নির্বাচনের আগে একই মঞ্চে চার প্রার্থীর কথা শুনেছেন তাঁরা।
বাংলাদেশ থেকে কানাডায় আসা শারমিনা নাসরিন প্রায় এক দশক ধরে পরিবার নিয়ে স্কারবরো সাউথওয়েস্টে বসবাস করছেন। তাঁর ভাষায়, কিংস্টন রোডে বাসের অপেক্ষা কিংবা ড্যানফোর্থে নিত্যদিনের কেনাকাটার অভিজ্ঞতা থেকেই এলাকার মানুষের জীবনযাত্রা ও নাগরিক সমস্যাগুলোকে কাছ থেকে দেখেছেন। সরকারি কাজে নীতিনির্ধারণ ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রক্রিয়া দেখার অভিজ্ঞতাকেও তিনি কাউন্সিলর পদের জন্য নিজের প্রস্তুতির অংশ হিসেবে তুলে ধরছেন।
শারমিনার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে ভাড়াটেদের সুরক্ষা ও সাশ্রয়ী আবাসন, নিয়মিত বাসসেবা, স্কুল ও বাসস্টপে যাওয়ার নিরাপদ পথ এবং রাস্তা ও পার্ক পরিচ্ছন্ন রাখা। তরুণদের জন্য প্রশিক্ষণ ও কাজের সুযোগ বাড়ানো এবং অভিবাসী পরিবারগুলো যাতে সহজে নগরসেবা পায়, সেটিও তাঁর পরিকল্পনায় আছে।
শারমিনা নাসরিন বেশ আগে থেকেই ওয়ার্ড ২০-এ নির্বাচনী প্রচার শুরু করেছেন। বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমস্যা শোনাকে তিনি প্রচারের কেন্দ্রে রেখেছেন। স্থানীয় ব্যবসায়ীদের কাছেও জানতে চাইছেন তাঁদের দৈনন্দিন অসুবিধার কথা। বিভিন্ন কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। প্রচারপত্রে যে অঙ্গীকারগুলো তুলে ধরেছেন, বাসিন্দাদের সঙ্গে কথোপকথনেও সেসব বিষয় উঠে আসছে। মানুষের কথা মন দিয়ে শোনা, নিজের পরিকল্পনা তুলে ধরা এবং কাজ করার আগ্রহ ইতিমধ্যে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
মূলধারার সংবাদমাধ্যমেও শারমিনাকে দেখা গেছে। ২৪ সেপ্টেম্বর CP24 ও CTV News Toronto-র ‘Your 30 Seconds’ আয়োজনে ওয়ার্ড ২০-এর কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর বক্তব্য প্রকাশিত হয়। নিবন্ধিত প্রার্থীদের নিজেদের পরিচয় ও নির্বাচনী ভাবনা তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছিল এ আয়োজনে। এর মাধ্যমে শারমিনার পরিচিতি পৌঁছেছে বৃহত্তর টরন্টোর দর্শকদের কাছে।
বিগত দিনগুলোতে বহুল আলোচিত স্কারবরো সাউথওয়েস্টে ৬ থেকে ১১ অক্টোবর আগাম ভোট এবং ২৬ অক্টোবর মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই জানা যাবে, ভোটাররা আগামী চার বছরের জন্য কাকে সিটি কাউন্সিলে পাঠাচ্ছেন। বিতর্কে আত্মবিশ্বাসী উপস্থিতি আর বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলার ধারাবাহিকতা শারমিনার সমর্থকদের বিজয়ের প্রত্যাশা আরও জোরালো করেছে।
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৬







