জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পেজেশকিয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ঢাকা, ২৪ সেপ্টেম্বর- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের ম্যানহাটনে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানি বার্তাসংস্থা ইলনা স্থানীয় সময় বুধবার ২৩ সেপ্টেম্বর এ তথ্য জানায়। তারা বৈঠকের একটি ছবিও প্রকাশ করেছে। ছবিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কথা বলতে দেখা যায়।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশে কীভাবে পড়তে পারে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি কনটেইনার জাহাজগুলো নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা এবং সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। অধিবেশনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।
এস এম/ ২৪ সেপ্টেম্বর ২০২৬







