মধ্যপ্রাচ্য

নিরাপত্তা সতর্কবার্তার পর নেতানিয়াহুর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত

নেতানিয়াহু

তেল আবিব,২৪ সেপ্টেম্বর- নির্দিষ্ট নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আসন্ন নিউইয়র্ক সফরের সময় কয়েক ঘণ্টায় সীমিত করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, তিনি নিউইয়র্কে রাতে থাকবেন না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেওয়ার পরই তিনি দেশে ফিরে যাবেন।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকের পর নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমানোর নির্দেশ দেন। এসব বৈঠকের কয়েকটিতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। গোয়েন্দা মূল্যায়নে পাওয়া নির্দিষ্ট সতর্কবার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার কারণে ওই সতর্কবার্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

নতুন সূচি অনুযায়ী, বুধবার গভীর রাতে ইসরায়েল ছাড়ার পর বৃহস্পতিবার ভোরে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে নেতানিয়াহুর। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার পরপরই তিনি ইসরায়েলের উদ্দেশে রওনা হবেন।

গাজায় চলমান হত্যাযজ্ঞ ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের প্রতিবাদে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির মধ্যেই নেতানিয়াহুর এই সংক্ষিপ্ত সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরের একদিন আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ‘গণহত্যার পরিকল্পনাকারী’ হিসেবে আখ্যায়িত করেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে নগর কর্তৃপক্ষের এ ধরনের আইনগত এখতিয়ার নেই বলেও তিনি স্বীকার করেন। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আইসিসি।

এই সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কোনো বৈঠক থাকছে না। ইসরায়েলি পক্ষের জোর প্রচেষ্টা সত্ত্বেও দুই নেতার সময়সূচি না মেলায় বৈঠকটি বাতিল করতে হয়েছে। এ ছাড়া, টেক্সাসে প্রখ্যাত ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে নির্ধারিত একটি উচ্চপর্যায়ের বৈঠকও বাতিল করা হয়েছে। ওই বৈঠকের প্রস্তুতির জন্য একটি ইসরায়েলি দল ইতিমধ্যে টেক্সাসে অবস্থান করছিল।

এস এম/ ২৪ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language