দক্ষিণ আমেরিকা

ইহুদি শিক্ষার্থীদের সঙ্গে নেচে সম্মাননা পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই

বুয়েনস আইরেস,২৩ সেপ্টেম্বর- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে এসে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজনে অংশ নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সফরের অংশ হিসেবে তিনি নিউ ইয়র্কের কুইন্সের ফার রকঅ্যাওয়ে এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইয়েশিভা দারখেই তোরাহ’-তে বিশেষ সফর করেন।

সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের উদ্দেশে দীর্ঘ বক্তব্য দেওয়ার পাশাপাশি সফরের একপর্যায়ে দারুণ উচ্ছ্বাসে শিক্ষার্থীদের সঙ্গে নাচেও মেতে ওঠেন আর্জেন্টিনার এই রাষ্ট্রপ্রধান।

ইসরায়েল রাষ্ট্র ও বিশ্ব ইহুদি সম্প্রদায়ের অন্যতম শক্ত সমর্থক হিসেবে পরিচিত আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এই সফরের সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। ইহুদি জাতির প্রতি তার অবিচল সমর্থন ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে তাকে স্কুল কর্তৃপক্ষের বিশেষ সম্মাননা ‘ওহেভ ইসরায়েল’ বা ‘লাভার অব ইসরায়েল’ (ইসরায়েলের প্রেমাস্পদ) অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সম্মাননা স্মারক গ্রহণের পর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উপস্থিত অসংখ্য শিক্ষার্থীর উদ্দেশে তাৎপর্যপূর্ণ ভাষণ দেন মিলেই।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত ও শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কুইন্সের ইয়েশিভা দারখেই তোরাহর হলরুমে সমবেত শিক্ষার্থীদের উদ্দেশে নিজের মাতৃভাষা স্প্যানিশে ওজস্বী ও আবেগঘন বক্তব্য রাখছেন মিলেই। বক্তব্য শেষে ফেরার সময় তাকে একেবারেই ভিন্ন মেজাজে দেখা যায়। এ সময় উৎফুল্ল শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরলে তাদের সঙ্গে হাত মিলিয়ে এবং পা মিলিয়ে একযোগে নাচে অংশ নেন তিনি। এতে সেখানে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language