দুদকের গ্রেড ১০-২০ কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়াল সরকার, কার্যকর ২০২৮ থেকে

ঢাকা, ২১ সেপ্টেম্বর- দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যায়ের কর্মচারীদের মাসিক ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার।
চাকরির বয়স ও গ্রেড অনুযায়ী নতুন হারে এই ভাতা আগামী ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখা থেকে গত ২ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
নতুন প্রজ্ঞাপনের সঙ্গে ২০১৮ সালের ২০ আগস্ট জারি করা আগের আদেশের তুলনা করে দেখা যায়, বিদ্যমান ঝুঁকি ভাতার হার বাড়িয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে। গ্রেড ও চাকরির বয়স অনুযায়ী এই বৃদ্ধির পরিমাণ ভিন্ন।
নতুন হার অনুযায়ী, গ্রেড-১০-এর কর্মচারীরা চাকরির বয়স পাঁচ বছর বা তার কম হলে মাসিক ৩ হাজার ২৪০ টাকা ঝুঁকি ভাতা পাবেন। ২০১৮ সালের হারে এ ভাতা ছিল ২ হাজার ৭০০ টাকা। অর্থাৎ মাসে ৫৪০ টাকা বেড়েছে। পাঁচ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত চাকরির বয়সে ভাতা ৩ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৮৪০ টাকা, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর পর্যন্ত ৩ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৫৮০ টাকা, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর পর্যন্ত ৪ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৪০০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির বয়সে ৫ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে ৬ হাজার ৪৮০ টাকা হয়েছে।
গ্রেড-১১-এর কর্মচারীদের ক্ষেত্রেও ভাতা বাড়ানো হয়েছে। পাঁচ বছর বা তার কম চাকরির বয়সে ভাতা ২ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬৪০ টাকা হয়েছে। পাঁচ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত ২ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ২৪০ টাকা, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর পর্যন্ত ৩ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৮৪০ টাকা, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর পর্যন্ত ৩ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৫৬০ টাকা এবং ২০ বছরের বেশি হলে ৪ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে ৫ হাজার ৫২০ টাকা হয়েছে।
গ্রেড-১২-এর কর্মচারীদের পাঁচ বছর বা তার কম চাকরির বয়সে ঝুঁকি ভাতা ২ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৫২০ টাকা হয়েছে। অন্য বয়সের ধাপগুলোতে ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা, ৩ হাজার টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা, ৩ হাজার ৬০০ টাকা থেকে ৪ হাজার ৩২০ টাকা এবং ৪ হাজার ৪০০ টাকা থেকে ৫ হাজার ২৮০ টাকা করা হয়েছে।
গ্রেড-১৩-এর কর্মচারীদের ক্ষেত্রে চাকরির বয়স অনুযায়ী ভাতা ১ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ২৮০ টাকা, ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৭৬০ টাকা, ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৩৬০ টাকা, ৩ হাজার ৪০০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা এবং ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকা হয়েছে।
গ্রেড-১৯-এর কর্মচারীদের পাঁচ বছর বা তার কম চাকরির বয়সে ভাতা ১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫৬০ টাকা হয়েছে। পরবর্তী চার বয়সের ধাপে তা যথাক্রমে ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৯২০ টাকা, ১ হাজার ৯০০ টাকা থেকে ২ হাজার ২৮০ টাকা, ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৭৬০ টাকা এবং ২ হাজার ৭০০ টাকা থেকে ৩ হাজার ২৪০ টাকা হয়েছে।
গ্রেড-২০-এর কর্মচারীদের ক্ষেত্রে পাঁচ বছর বা তার কম চাকরির বয়সে ভাতা ১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৪৪০ টাকা হয়েছে। পাঁচ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৮০০ টাকা, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর পর্যন্ত ১ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ১৬০ টাকা, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর পর্যন্ত ২ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬৪০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির বয়সে ২ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ১২০ টাকা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে গ্রেড-১৪ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের জন্যও চাকরির বয়স অনুযায়ী ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গ্রেড-১৪-তে সর্বনিম্ন ২ হাজার ১৬০ টাকা ও সর্বোচ্চ ৪ হাজার ৫৬০ টাকা, গ্রেড-১৫-তে ২ হাজার ৪০ টাকা থেকে ৪ হাজার ৮০ টাকা, গ্রেড-১৬-তে ১ হাজার ৯২০ টাকা থেকে ৩ হাজার ৮৪০ টাকা, গ্রেড-১৭-তে ১ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-১৮-তে ১ হাজার ৬৮০ টাকা থেকে ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরির বয়সকে পাঁচটি ধাপে ভাগ করে ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।
ধাপগুলো হলো—পাঁচ বছর ও তদপেক্ষা কম, পাঁচ বছরের বেশি থেকে ১০ বছর, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর এবং ২০ বছরের বেশি।
তবে নতুন হার ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে। ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত দুদকের সংশ্লিষ্ট কর্মচারীরা ২০১৮ সালের ২০ আগস্টের অর্থ বিভাগের আদেশ অনুযায়ী ঝুঁকি ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী নতুন নির্ধারিত ঝুঁকি ভাতা গ্রহণ করলে তিনি স্ব-স্ব বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা কিংবা প্রতিরক্ষা সার্ভিস ভাতা প্রযোজ্য ক্ষেত্রে পাবেন না।
এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬







