চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

ঢাকা, ২১ সেপ্টেম্বর- বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফর শেষে গতকাল রোববার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেন এবং তাঁদের উৎসাহ দেন।
এ ছাড়া, সেনাবাহিনী প্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (OCA)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনা সভায়ও অংশ নেন।
এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬







