পশ্চিমবঙ্গে দুই বিধানসভা আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর

কলকাতা, ৮ সেপ্টেম্বর – পশ্চিমবঙ্গে আবারও উপনির্বাচনের দামামা বেজে উঠেছে। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশের একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সোমবার ঘোষিত এই সময়সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গসহ তামিলনাড়ু ও পুডুচেরির নির্দিষ্ট আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই দিনে আসামের নগাঁও লোকসভা আসনেও উপনির্বাচন হবে এবং সবগুলোর ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। পশ্চিমবঙ্গের যে দুটি আসনে উপনির্বাচন হতে যাচ্ছে, সেগুলো হলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে জয়ী হয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী।
তিনি ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করকে পরাজিত করেন। তবে শুভেন্দু একই সঙ্গে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনেও জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করেন। অন্যদিকে, রেজিনগর আসনে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টি (এজেউপি) এর চেয়ারম্যান হুমায়ুন কবীর।
তিনি বিজেপির বাপন ঘোষকে পরাজিত করেছিলেন। হুমায়ুন কবীর নওদা আসনেও জয় পাওয়ায় রেজিনগর আসনটি ছেড়ে দেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার ছয় মাসের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় শারদীয় দুর্গোৎসবের আগেই এই ভোট হতে যাচ্ছে।
তফসিল ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আচরণবিধি কার্যকর হয়েছে। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা চলছে রেজিনগর আসন নিয়ে। সেখানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি প্রার্থী হতে পারেন কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছে। সম্প্রতি হুমায়ুন কবীর জানিয়েছিলেন যে, মমতা ব্যানার্জি চাইলে তিনি তাঁর জন্য আসনটি ছেড়ে দিতে প্রস্তুত।
এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬







