গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

গোপালগঞ্জ, ৬ সেপ্টেম্বর – গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি তবে পুলিশের ধারণা অনুযায়ী নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। রবিবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাদে পড়ে যায়।
এতে বাসটি দুমড়েমুড়ড়ে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







