ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ঢাকা, ৬ সেপ্টেম্বর – রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে ঢাকার আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এই সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত কোনো বিশেষ সতর্কবার্তা জারি করা হয়নি।
অন্যদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







