জাতীয়

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রসাধনী প্রদর্শনী কসমেটিকা ঢাকা শুরু

আন্তর্জাতিক প্রসাধনী প্রদর্শনী

ঢাকা, ৩ সেপ্টেম্বর – বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী কসমেটিকা ঢাকা ২০২৬। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা বা আইসিসিবির ৪ নম্বর হলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে কসমেটিকস শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শামা ওবায়েদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই বিশেষ আয়োজন আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি এবং ১৩২টি নামি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বাংলাদেশের প্রসাধনী শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ প্রযুক্তি জ্ঞান এবং নতুন বাজারের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই আন্তর্জাতিক প্রদর্শনীতে সহযোগী হিসেবে কাজ করছে দেশের অন্যতম প্রসাধনী ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান গ্রুপ। আয়োজকদের মতে কসমেটিকা ঢাকা ২০২৬ কেবল একটি পণ্য প্রদর্শনী নয় বরং এটি তথ্য ও প্রযুক্তি বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম।

এখানে পণ্য প্রদর্শনীর পাশাপাশি বিশেষজ্ঞ প্রেজেন্টেশন প্রশিক্ষণ সেশন এবং শিল্প উন্নয়ন বিষয়ক নানা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে প্রবেশ করতে কোনো অর্থের প্রয়োজন হবে না। মেলা প্রাঙ্গণে বা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে মডেল বিউটিশিয়ান উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন।

এস এম/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button