চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন

ঢাকা, ৩১ আগস্ট – আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন যে সোমবার আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল।
সে সময় ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন যে ভোটার তালিকা হালনাগাদের ফলে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন। হালনাগাদ কার্যক্রম শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে।
তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছানো হলে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ আরও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে তাদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে কমিশনের। ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









