জাতীয়

গুমের সংস্কৃতির স্থায়ী অবসান চান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ঢাকা, ৩০ আগস্ট – বাংলাদেশে আর কখনো যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি ফিরে না আসে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গুমের শিকার ব্যক্তি এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন যে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী মতের অসংখ্য নাগরিক। তাদের অনেকেই আজও নিখোঁজ রয়েছেন এবং স্বজনরা বছরের পর বছর ধরে তাদের ফেরার অপেক্ষায় আছেন।

নাহিদ ইসলাম আরও বলেন আয়নাঘর নামক অন্ধকার প্রকোষ্ঠে অসংখ্য মানুষকে আটকে রেখে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তা বিশ্ববিবেকের কাছে লজ্জাজনক। গুম হওয়া স্বজনদের কান্নার ওপর দাঁড়িয়েই ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। তবে বিপ্লব পরবর্তী সময়েও অনেক পরিবার এখনো তাদের প্রিয়জনের সন্ধান পায়নি যা অত্যন্ত উদ্বেগজনক।

মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়ে তিনি গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন।

বর্তমান সরকারের সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন এই পদক্ষেপে দায়মুক্তির সুযোগ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিটি গুমের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না করলে এই সংস্কৃতির অবসান সম্ভব নয়।

তিনি আওয়ামী লীগ আমলে গুম হওয়া সব ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

এনএন/ ৩০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language