শত্রুর ষড়যন্ত্র মোকাবিলায় বাসিজের সমর্থন ও সরকারের প্রতি আহ্বান

তেহরান, ২৯ আগস্ট – ইরানের শত্রুদের বহুমুখী ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে দেশটির স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ। একই সঙ্গে সংগঠনটি সরকারকে পরিমিত ও ভারসাম্যপূর্ণ নীতি অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে।
শনিবার দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাসিজ এ তথ্য জানায়। বিবৃতিতে সংগঠনটি বলেছে, জাতীয় ঐক্য বজায় রাখতে ইরানের সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কথা গুরুত্বসহকারে শুনতে হবে এবং তাদের ন্যায্য দাবিগুলোর প্রতি মনোযোগ দিতে হবে।
বাসিজ আরও সতর্ক করে দেয় যে, সামাজিক সংহতি নষ্ট করতে শত্রুপক্ষ দেশের অভ্যন্তরীণ বিভাজনকে পুঁজি করার অপচেষ্টা চালাবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসির অন্যতম এই শাখাটি বর্তমান সরকারকে প্রয়োজনীয় সকল সহায়তা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপরও তারা বিশেষ জোর দেয়।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬









