সচেতনতা

চায়ে চিনির বদলে গুড় বা মধু কি সত্যিই নিরাপদ? বিশেষজ্ঞরা যা বলছেন

অনেকেই মনে করেন চায়ে চিনি খাওয়া ক্ষতিকর, তাই বিকল্প হিসেবে গুড় বা মধু বেছে নেন। তাদের ধারণা, চিনি পরিশোধিত হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও গুড় বা মধু প্রাকৃতিক হওয়ায় নিরাপদ।

তবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এতটা সহজ নয়। চিনি, গুড় কিংবা মধু প্রতিটি উপাদানই শরীরের রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই চিনির বদলে গুড় বা মধু দিলেই চা স্বাস্থ্যকর হয়ে যায় এমনটা ভাবার কোনো কারণ নেই।

বিশেষজ্ঞদের মতে, এই তিনটি উপাদানেই পর্যাপ্ত শর্করা ও ক্যালোরি থাকে যা রক্তে চিনির মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক মোট ক্যালোরির ১০ শতাংশের কম চিনি থেকে আসা উচিত। সুস্থ থাকতে হলে দিনে ৩ থেকে ৪ চা চামচের বেশি বাড়তি মিষ্টি জাতীয় খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাদা চিনির তুলনায় গুড়ে সামান্য আয়রন থাকলেও তা শরীরের জন্য পর্যাপ্ত নয়। কেবল আয়রনের চাহিদা মেটাতে গুড় খাওয়া উচিত নয়, কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। আয়রনের ঘাটতি পূরণে পুষ্টিকর ও সুষম খাবারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য যেকোনো ধরনের মিষ্টি খাওয়ার পরিমাণ কমিয়ে আনাই সবচেয়ে কার্যকর সমাধান।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language