দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ঢাকা, ২৭ আগস্ট – সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৯৫৬ জনের মধ্যে উপসর্গের উপস্থিতি রয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জন হাম উপসর্গে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ জন।
এ নিয়ে গত কয়েক মাসে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
উল্লেখ্য যে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ৮৫৬ জন শিশুর প্রাণহানি ঘটেছে। যদিও গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি, তবে শুরু থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৯ জন মৃত্যুবরণ করেছেন।
এস এম/ ২৭ আগস্ট ২০২৬









