ঢাকায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, ভ্যাপসা গরমে জনজীবনে স্বস্তি

ঢাকা, ২৬ আগস্ট – রাজধানীজুড়ে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল সাড়ে ছয়টার পর থেকে এই বৃষ্টি শুরু হয়। এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় নগরের চিরচেনা ব্যস্ততায় কিছুটা ভিন্ন আমেজ লক্ষ্য করা গেছে।
গত কয়েকদিন ধরে তীব্র ভ্যাপসা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজকের এই বৃষ্টি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এর আগে গতরাতেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এই সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এস এম/ ২৬ আগস্ট ২০২৬









