জাতীয়

সংবাদমাধ্যমের হাত ১৭ বছর বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী পার্থ

ঢাকা, ২৩ আগস্ট – নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন যে বিগত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। রোববার সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের সকল বিভাগেই নৈতিক অবক্ষয় লক্ষ্য করা গেছে এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে কিছুটা সময়ের প্রয়োজন। তবে দেশকে একটি নতুন ইতিবাচক ধারায় নিয়ে যাওয়ার যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ন্ত্রণের চেয়ে নিয়মনীতি পালনের ওপর অধিক গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয় বরং সঠিক নিয়মকানুনের মাধ্যমে তা পরিচালনা করা। তিনি সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে সরকারের সকল কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বস্ততার সাথে পৌঁছে দিতে হবে।

এ ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব অত্যন্ত জরুরি। দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংবাদমাধ্যমের ভূমিকা ছিল অনস্বীকার্য। দেশের এই পরিবর্তনকালীন সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language