স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শন: দ্রুত জনসেবার নির্দেশ

ঢাকা, ২২ আগস্ট – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার বিকেলে পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তির মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস ঘুরে দেখেন। ব্যারাক পরিদর্শনের সময় তিনি পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা ও খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের শিফটিং ডিউটির সময়সূচি ও কাজের পরিবেশ নিয়ে বিস্তারিত খোঁজ নেন।
থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথেও সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যাগুলো তিনি ধৈর্য সহকারে শোনেন। নাগরিকদের সমস্যাগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে নিষ্পত্তির জন্য তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের সুরক্ষা ও সেবা প্রদান করা। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও নিরাপত্তার জায়গা হতে হবে। নাগরিকরা যেন কোনো দ্বিধা ছাড়াই সরাসরি থানায় এসে অভিযোগ জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২২ আগস্ট ২০২৬









