পশ্চিমবঙ্গ

বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেবে ভারত: অমিত শাহ

কলকাতা, ২২ আগস্ট – বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দেশের তিনটি নতুন ফৌজদারি আইন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান।

একই সাথে তিনি পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অমিত শাহ জানান, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের বিশেষ ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বাধ্য হয়ে পালিয়ে আসা সব হিন্দু, শিখ ও জৈন শরণার্থীকে মর্যাদার সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তিনি দাবি করেন, আগামী ছয় মাসের মধ্যেই এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মূলত ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে যারা ভারতে প্রবেশ করেছেন, তারা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই আইন নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক থাকলেও কেন্দ্রীয় সরকারের দাবি, প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া মানুষদের সুরক্ষা দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন অমিত শাহ। তিনি জানান, অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে সরকার শনাক্ত করা, তালিকা থেকে বাদ দেওয়া এবং দেশ থেকে ফেরত পাঠানোর নীতি অনুসরণ করবে।

পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে রাজ্য থেকে সরিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিএএ এবং অভিবাসন ইস্যু অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস এই আইনের বিরোধিতা করে আসলেও অমিত শাহ তার বক্তব্যে এই প্রক্রিয়া বাস্তবায়নে অনড় থাকার বার্তা দিয়েছেন। সিএএ এর অধীনে আবেদনের দ্রুত যাচাই এবং অবৈধ অভিবাসন ঠেকানোর বিষয়টি আগামী দিনে রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language