দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২১ আগস্ট – বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন এবং তার কিছুক্ষণ পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ একসাথে হলে প্রবেশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদপ্রদত্ত দলিলে স্বাক্ষর করেন। এরপর তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ড. আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরি। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও শামীম কায়সার লিংকন।
উল্লেখ্য যে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। দীর্ঘ ৩৫ বছর পর দেশে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে এই নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।
শপথ গ্রহণের আগে শুক্রবার দুপুরে নতুন রাষ্ট্রপতি রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এনএন/ ২১ আগস্ট ২০২৬









