ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন সেনা হতাহতের সংখ্যা সাড়ে সাত শ ছাড়াল

ওয়াশিংটন, ২১ আগস্ট – ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতা প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার মধ্যে ইরান যুদ্ধে আহত মার্কিন সামরিক সদস্যদের সংখ্যা সাড়ে সাত শ পার হওয়ার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার পেন্টাগনের যুদ্ধ হতাহতের তথ্যভান্ডার হালনাগাদ করার পর দেখা যায় যে গত কয়েক দিনে নতুন করে আরও ৫০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।
ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেমের তথ্য অনুযায়ী চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। তেহরানের পাল্টা আক্রমণ এবং মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থানে মার্কিন বাহিনীর ওপর হামলার ফলেই হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত মাসে প্রতিরক্ষা বিভাগ তাদের কেন্দ্রীয় তথ্যভান্ডারে ওভারসিজ অপারেশন্স নামে একটি নতুন বিভাগ তৈরি করে যেখানে গত ৭ জুলাই থেকে হতাহত সেনাদের তথ্য নথিভুক্ত করা শুরু হয়। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় মার্কিন কংগ্রেসকে এই নতুন পর্যায়ের সংঘাত সম্পর্কে অবহিত করার পর থেকেই পরিসংখ্যানটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
তথ্য প্রকাশ নিয়ে পেন্টাগনের ভূমিকা ইতিমধ্যে মার্কিন আইনপ্রণেতাদের কঠোর সমালোচনার মুখে পড়েছে। এর আগে রহস্যজনকভাবে কয়েকজন সেনার নিহতের তালিকা ড্যাশবোর্ড থেকে মুছে ফেলা হয়েছিল যা পরে কারিগরি ত্রুটির দোহাই দিয়ে পুনরায় ফিরিয়ে আনা হয়।
যুদ্ধের শুরু থেকেই আহতের সঠিক তথ্য প্রকাশে পেন্টাগনের ধীরগতির নীতি নিয়ে মার্কিন গণমাধ্যমে বিতর্ক চলছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু বাস্তবে তেহরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় উত্তেজনা বজায় রয়েছে।
এস এম/ ২১ আগস্ট ২০২৬









