রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

ঢাকা, ১৯ আগস্ট – আগামীকাল অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদীয় দলের এই সভায় রাষ্ট্রপতি পদপ্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে। দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় সরাসরি ভোটাভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য যে এর আগে ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ কক্ষে সর্বশেষ রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটগ্রহণ হয়েছিল।
সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
এস এম/ ১৯ আগস্ট ২০২৬









