স্বাধীনভাবে কাজ করছে দুদক: প্রথম কর্মদিবসে নতুন চেয়ারম্যান

ঢাকা, ১৯ আগস্ট – দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
এই সময় কমিশনের নবনিযুক্ত দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন যে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই তাদের মূল লক্ষ্য।
তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন যাতে তারা দুদকের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারেন এবং দেশ দুর্নীতিমুক্ত করতে যথেষ্ট প্রচেষ্টা চালাতে পারেন। আগামী দিনগুলোতে ভালো ফলাফল আনার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোনো চাপের মুখে কমিশন কাজ করবে কি না এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন যে তারা বর্তমানে কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করছেন।
ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা করা হবে বলেও তিনি জানান। এদিন সকাল ৯টার দিকে চেয়ারম্যান ও দুই কমিশনার কার্যালয়ে প্রবেশ করেন এবং সকাল ১০টায় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
উল্লেখ্য যে গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। গত ২৬ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এস এম/ ১৯ আগস্ট ২০২৬









