দক্ষিণ এশিয়া

ইমরান খানকে দুই দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের

ইসলামাবাদ, ১৮ আগস্ট – পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে দুই দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার আদালতের এই আদেশে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়।

ইমরান খানের দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এমন দাবি জানানো হচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী উজাইর ভান্ডারি জানিয়েছেন, আদালত তার চিকিৎসার তদারকির জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। এই বোর্ডে ইমরান খানের বোন ডা. উজমা খান এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া হাসপাতালে অবস্থানকালে পরিবারের সদস্যরা যেন তার সঙ্গে দেখা করতে পারেন এবং বিদেশে থাকা সন্তানদের সঙ্গে তিনি কথা বলার সুযোগ পান, সেই নির্দেশও দিয়েছেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত ইমরান খান হাসপাতালেই অবস্থান করবেন।

২০২৩ সালের আগস্ট মাসে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর এটিই হবে কারাগারের বাইরে তার দীর্ঘতম অবস্থান। পিটিআই এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। এর আগে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া একটি প্রতিবেদনে ৭৩ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

প্রতিবেদনে তার রক্তচাপের ওঠানামা এবং হৃদযন্ত্রের অবস্থা স্বাভাবিক না থাকার বিষয়টি উল্লেখ করা হয়। শুনানি চলাকালে আদালত উল্লেখ করেন যে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল। পিটিআই নেতা জুলফি বুখারি আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ইমরান খানের জন্য কারাগারের বাইরে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা অনেক আগে থেকেই ছিল।

তবে সরকারের পক্ষ থেকে রানা সানাউল্লাহ জানিয়েছেন, ইমরান খান কারাগারে যথাযথ চিকিৎসা পাচ্ছিলেন। বর্তমানে পিটিআই এবং সরকারের মধ্যে আলোচনার পরিবেশ তৈরির জন্য এই চিকিৎসাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দলটি ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language