মধ্যপ্রাচ্য

ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা

রিয়াদ, ১৬ আগস্ট – একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এক বছরের জন্য বৈধ এই ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে যে এই ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ ক্রয় করতে হবে। একই সঙ্গে সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে।

জুলাই মাসে চালু হওয়া এই বিশেষ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে যাতায়াত করতে পারলেও মোট অবস্থানকাল ৯০ দিনের বেশি হতে পারবে না। ওমরাহ পালনে অধিকতর স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

ওমরাহযাত্রীদের নুসুকের মাধ্যমে কেনা সেবা প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া অনুমতিপত্রে উল্লিখিত তারিখের সাথে সেবা প্যাকেজের তারিখের মিল থাকাও আবশ্যক।

এই প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীর অবস্থানকাল ও ভ্রমণ যোগ্যতা যাচাই করা হবে। মন্ত্রণালয়ের নতুন এই ব্যাখ্যার ফলে বৈধ ভিসা থাকলেও পরবর্তী প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং অনুমতি নেওয়া বাধ্যতামূলক হলো।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language