যশোর

ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল দিয়ে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

যশোর, ১৫ আগস্ট – ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একদিনের জন্য সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। আজ শনিবার সকাল থেকে এই বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান যে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সিএন্ডএফ ব্যবসায়ীরা।

আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে যথানিয়মে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। অন্যদিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়েনি এবং তারা নিয়মিতভাবে যাতায়াত করছেন।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language