শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি আবেদন শুরু রবিবার থেকে

ঢাকা, ১৫ আগস্ট – জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী রবিবার অর্থাৎ ১৬ আগস্ট বিকেল ৪টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা নম্বর সমান হলে এসএসসি ও এইচএসসির জিপিএ অনুপাত এবং প্রয়োজনে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

এক্ষেত্রে বয়স কম শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। ভর্তি প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এরপর কোটার মেধা তালিকা এবং পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি শেষ হবে। উল্লেখ্য যে, পূর্বের মতো এবারও কোনো তৃতীয় রিলিজ স্লিপের সুযোগ থাকছে না।

ভর্তির যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স উত্তীর্ণরাও আবেদনের সুযোগ পাবেন।

এ লেভেল বা ও লেভেল সম্পন্ন করা প্রার্থীদের সরাসরি ডিন অফিসে আবেদন করতে হবে। তবে দ্বৈত ভর্তির ক্ষেত্রে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যদি পূর্ববর্তী শিক্ষাবর্ষের স্নাতক বা প্রফেশনাল কোর্সে ভর্তি থেকে থাকেন, তবে তাকে অবশ্যই আগের ভর্তি বাতিল করে আবেদন করতে হবে।

অন্যথায় দ্বৈত ভর্তির কারণে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে। কলেজের অনলাইন নিশ্চয়ন ছাড়া মেধা তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না।

এস এম/ ১৫ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language