জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল কনটেন্ট ও আধুনিক শিক্ষাসামগ্রী তৈরির উদ্যোগ

ঢাকা, ১৪ আগস্ট – জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী, শিক্ষার্থীবান্ধব ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে আধুনিক ডিজিটাল শিক্ষাসামগ্রী এবং অনলাইন কনটেন্ট তৈরির কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক এবং ডিজিটাল দক্ষতায় পারদর্শী করে তুলতে অ্যাপ্লাইড আইসিটি কোর্সের রিসোর্স ম্যাটেরিয়াল ও অনলাইন কনটেন্ট উন্নয়ন করা হচ্ছে।
সাভারের ব্র্যাক সিডিএমে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় আয়োজিত স্নাতক দ্বিতীয় বর্ষের অ্যাপ্লাইড আইসিটি কোর্সের তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেবল একটি স্বতন্ত্র বিষয় নয় বরং এটি শিক্ষা, কর্মসংস্থান এবং গবেষণার প্রতিটি ক্ষেত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই বিশ্ববিদ্যালয়ের পাঠদান এমন হতে হবে যা বাস্তব জীবনে প্রয়োগ করা সম্ভব হয়। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সক্ষমতা বিবেচনায় নিয়ে সহজ ও সাবলীল ভাষায় পাঠ্য উপকরণ তৈরি করতে হবে যাতে সবাই সহজে তা বুঝতে পারে। শিক্ষার বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ১৪ আগস্ট ২০২৬









