দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

চট্টগ্রাম, ১৪ আগস্ট – পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার সকালে এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা দেয় আবহাওয়া অফিস। আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









