মধ্যপ্রাচ্য

জর্ডানে ৪৬ হাজার ডলারসহ ‘ধনকুবের’ নারী ভিক্ষুক গ্রেপ্তার

আম্মান, ১৪ আগস্ট – জর্ডানের রাজধানী আম্মানে সাধারণ মানুষের আবেগ ও সহানুভূতিকে কাজে লাগিয়ে গড়ে তোলা এক বিশাল অর্থভাণ্ডারের সন্ধান পেয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রাজপথে ভিক্ষা করা এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিশেষ ভিক্ষাবৃত্তি বিরোধী দল এবং পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট যৌথ অভিযান চালিয়ে আম্মানের ডাউনটাউন এলাকা থেকে ওই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নগদ প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার পাওয়া যায়।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৬ লাখ ৫০ হাজার টাকারও বেশি। তদন্তে উঠে এসেছে যে ওই নারী ভিক্ষা করে পাওয়া স্থানীয় মুদ্রা কৌশলে বিভিন্ন প্রভাবশালী বিদেশি মুদ্রায় রূপান্তর করে জমা রাখতেন। পুলিশের অনুসন্ধানে জানা গেছে ওই নারী ইতিপূর্বেও ভিক্ষাবৃত্তির অপরাধে আটক হয়েছিলেন।

ভুয়া অসুস্থতা এবং অভাবের সাজানো গল্প বলে তিনি দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। বর্তমানে অভিযুক্ত এই নারীকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ঘটনার পর জর্ডান কর্তৃপক্ষ জনসাধারণকে রাজপথে সরাসরি দান না করে শুধুমাত্র নিবন্ধিত ও বৈধ দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্য করার জোর আহ্বান জানিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দান করলে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব বলে মনে করছে দেশটির সরকার।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language