পশ্চিম তীরে ৫৫০ একর ফিলিস্তিনি জমি দখল করল ইসরায়েল

তেল আবিব, ১১ আগস্ট – ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের সালফিত প্রদেশে নতুন করে ৫৫০ একর জমি দখল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সামরিক প্রয়োজনে ব্যবহারের অজুহাত দেখিয়ে উত্তরাঞ্চলীয় মারদা শহরের এই বিশাল ভূখণ্ড আয়ত্তে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের বসতি স্থাপন ও প্রাচীর প্রতিরোধ বিষয়ক কমিশন।
সোমবার এক বিবৃতিতে কমিশন জানায় যে ২ হাজার ২২৪ দুনাম বা ৫৫০ একর জমি দখলের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ একটি নতুন সামরিক আদেশ জারি করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ সুসংহত করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়।
নতুন এই আদেশের আওতায় ওয়াদি কাসেম ও কাফিফ আল আবহার এলাকার জমিও অন্তর্ভুক্ত রয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে সংশ্লিষ্ট এলাকার মালিকানা ইসরায়েলি সামরিক কমান্ডারের কাছে হস্তান্তর করা হবে। কমিশন আরও জানায় যে দখলকৃত জমিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত।
এখান থেকে ওই অঞ্চলের একটি প্রধান যোগাযোগপথ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রাথমিকভাবে এখানে একটি টাওয়ার বা যোগাযোগ স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনিদের ভূখণ্ড সাময়িকভাবে দখলের দোহাই দিয়ে অবৈধ বসতিগুলোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বাড়াতে ইসরায়েল বর্তমানে এই কৌশল অবলম্বন করছে।
উল্লেখ্য যে শুধু জুলাই মাসেই ইসরায়েলি কর্তৃপক্ষ ৩৩টি সামরিক আদেশ জারি করেছে যার মাধ্যমে প্রায় ২ লাখ ৫ হাজার একর জমি দখলের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে পশ্চিম তীরে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন যাদের সুরক্ষায় প্রায়ই ফিলিস্তিনিদের ওপর হামলা ও উচ্ছেদের ঘটনা ঘটে।
এস এম/ ১১ আগস্ট ২০২৬









