দক্ষিণ এশিয়া

দিল্লিতে ৮ ঘণ্টার বেশি অবস্থানের পর রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের ছেড়ে দিল পুলিশ

দিল্লিতে নির্বাচন কমিশন ইস্যুতে বিক্ষোভের সময় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
নির্বাচন কমিশনমুখী মিছিল আটকে দেওয়ার পর দিল্লির আকাশবাণী ভবনে অবস্থান করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী নেতারা।

দিল্লি, ০৭ অক্টোবর-ভারতের রাজধানী দিল্লিতে আট ঘণ্টার বেশি সময় অবস্থান কর্মসূচি পালনের পর আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের নেতাদের ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাত ১০টার কিছু পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করতে বাধা দেওয়ার পর আকাশবাণী ভবনের প্রাঙ্গণে অবস্থান নেন বিরোধী দলের নেতারা। পরে পুলিশ তাদের জোর করে সেখান থেকে সরিয়ে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যায়।

‘ভোট চুরি’র অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে অপসারণের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘আমরা ভোট চুরির বিরুদ্ধে এখানে প্রতিবাদ করছি। যতক্ষণ প্রয়োজন, আমরা এখানেই বসে থাকব।’

রাহুল গান্ধী বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানাতে চান। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের অসম্মান করা হয়েছে।

এর আগে পার্লামেন্ট স্ট্রিট থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের উদ্দেশে ইন্ডিয়া জোটের মিছিল শুরু হয়। নীতি আয়োগ কার্যালয়ের কাছে নিরাপত্তাকর্মীরা মিছিলটি আটকে দিলে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন। রাহুল গান্ধী পুলিশের ব্যারিকেডের ওপর উঠে যান। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর সঙ্গে যোগ দেন।

পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেসের সংসদ সদস্য দীপেন্দর হুডা আকাশবাণী ভবনের ভেতরে প্রবেশ করে অবস্থান নেন। পুলিশ তাদের প্রাঙ্গণ ছেড়ে যেতে বললেও তারা অস্বীকৃতি জানান। একপর্যায়ে অবস্থান কর্মসূচিতে বিরোধী দলের আরও কয়েকজন নেতা যোগ দেন।

বিক্ষোভকারীদের সরাতে পুলিশ এগিয়ে গেলে তাদের সঙ্গে পুলিশের বিরোধ তৈরি হয়। পরে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিক্ষোভে অংশ নেওয়া নেতাদের আটক করে কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যায়। দীর্ঘ এই বিক্ষোভের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের সঙ্গে বৈঠকের জন্য কোনো অনুরোধ তারা পায়নি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। ইন্ডিয়া জোট এসআইআর প্রত্যাহার ও জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

এস এম/ ০৭ অক্টোবর ২০২৬




FAQ

রাহুল গান্ধীকে কেন আটক করা হয়েছিল?

নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল এবং পরে আকাশবাণী ভবন প্রাঙ্গণে দীর্ঘ অবস্থান বিক্ষোভের পর দিল্লি পুলিশ রাহুল গান্ধী-সহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে।

প্রিয়াঙ্কা গান্ধীকেও কি আটক করা হয়েছিল?

হ্যাঁ। প্রিয়াঙ্কা গান্ধীও রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতার সঙ্গে আটক হন এবং পরে রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

বিক্ষোভের মূল দাবি কী ছিল?

SIR নিয়ে বিরোধীদের অভিযোগের তদন্ত/ব্যাখ্যা, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ছিল কর্মসূচির অন্যতম বিষয়।

নির্বাচন কমিশন কি বৈঠকের অনুরোধ পেয়েছিল?

নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, ৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত কোনও রাজনৈতিক দলের কাছ থেকে বৈঠকের অনুরোধ তারা পায়নি।

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল?

আকাশবাণী ভবন প্রাঙ্গণ থেকে তাঁদের কিংসওয়ে ক্যাম্প পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছিল।

Back to top button
🌐 Read in Your Language