জাতীয়

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৪ কোটি টাকার সোনাসহ গাড়ি জব্দ

ঢাকা, ১০ আগস্ট – রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্ভাগ সংলগ্ন গোলচত্বর এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে।

সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে চালক গাড়িটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তী সময়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা অন্য একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় গাড়িটিতে ব্যাপক তল্লাশি চালান।

তল্লাশিকালে গাড়িটি থেকে ১৪টি সোনার বার এবং ১২টি সোনার পাত উদ্ধার করা হয়। এছাড়া গাড়িটির ভেতর থেকে একটি আইফোন ১৭ প্রো সহ মোট তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

গাড়িটি থেকে বিভিন্ন ব্যাংকের ৮টি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউসের পরীক্ষাগারে পরীক্ষা করে উদ্ধারকৃত সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত করা হয়েছে। মোট ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি ওজনের এই সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

এই ঘটনায় অভিযুক্ত গাড়িচালকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কাস্টমস গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে।

এনএন/ ১০ আগস্ট ২০২৬


Back to top button