জ্বালানি খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৮ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি চক্র সক্রিয় রয়েছে। শনিবার সকালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সমাবেশে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসন পেয়েছে। বিগত সময়ের অপরিকল্পিত প্রকল্পগুলো জ্বালানি খাতকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে সরকার এই সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, রোগ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
চিকিৎসকদের নেতৃত্বে এই কর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন। চিকিৎসক ও পেশাজীবীদের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সচেতন থাকা অযৌক্তিক নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়, সেদিকে সতর্ক থাকতে হবে।
সমাবেশে ড্যাবের পক্ষ থেকে উত্থাপিত ৫ হাজার চিকিৎসক নিয়োগ, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং অবসরের বয়সসীমা পুনর্নির্ধারণের দাবিগুলো সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে তিনি আশ্বাস দেন।
এছাড়া তিনি জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া, ই-হেলথ কার্ড চালু এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এস এম/ ৮ আগস্ট ২০২৬









