মধ্যপ্রাচ্য

প্রয়োজনে ইরানের বিরুদ্ধে একাই সামরিক পদক্ষেপ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

তেল আবিব, ৬ আগস্ট – তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার নেতানিয়াহু বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমেদ ওয়াহিদির বক্তব্য থেকে এটি স্পষ্ট যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। তিনি আরও উল্লেখ করেন যে, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু জানান, দেশের নিরাপত্তা রক্ষায় যা প্রয়োজন তিনি তাই করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা বর্তমানে অগ্রসর পর্যায়ে রয়েছে।

উভয় পক্ষ এরই মধ্যে খসড়া প্রস্তাব বিনিময় করেছে এবং একটি কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে। ইতিপূর্বে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সেই সংঘর্ষে তিন হাজারের বেশি মানুষ নিহত হন।

এর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। জুন মাসে পাকিস্তানের পাশাপাশি কাতার মধ্যস্থতায় যুক্ত হলে একটি সমঝোতা স্মারক সই হয়।

তবে হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে মতপার্থক্যের কারণে আলোচনা স্থবির হয়ে পড়েছিল। পরবর্তীতে জুলাই মাসে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় এই উত্তেজনা আবারও বৃদ্ধি পায়।

এস এম/ ৬ আগস্ট ২০২৬


Back to top button