মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

মাগুরা, ৫ আগস্ট – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাত আনুমানিক ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিবের বাড়ির দক্ষিণ পাশের গেটে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায় যে দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটকের উপরের অংশে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এর ফলে গেটের ওপরের অংশে আগুনের কালচে দাগ ও পোড়া চিহ্ন দেখা যায়। একই সময়ে দুর্বৃত্তরা জানালার গ্লাস লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন জানিয়েছেন যে ঘটনার সংবাদ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গেটে আগুনের চিহ্ন পাওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান জানান যে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এনএন/ ৫ আগস্ট ২০২৬









