মাগুরা

জামিন পেয়েও শেষ রক্ষা হলো না আ. লীগ নেত্রী সোনিয়ার, জেলগেট থেকে ফের গ্রেফতার

মাগুরা, ৮ মে – মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানার কারামুক্তি নিয়ে তৈরি হলো চরম নাটকীয়তা। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগারের মূল ফটক দিয়ে বাইরে পা রাখতেই ফের তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৮ মে) সকাল ১০টার দিকে মাগুরা জেলা কারাগারের সামনে এই ঘটনা ঘটে।

মাগুরা সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন সোনিয়া সুলতানা। গতকাল বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। আজ সকালে মুক্তির যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে যখন তিনি কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন, তখনই আগে থেকে ওত পেতে থাকা পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

কাজী সোনিয়া সুলতানাকে পুনরায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, সোনিয়ার বিরুদ্ধে একটি নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

গত ৫ মার্চ মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সোনিয়া সুলতানা। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে পরের দিন জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাতেই এর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

সোনিয়া সুলতানার এই ‘জেলগেট থেকে পুনরায় গ্রেফতার’ হওয়ার ঘটনা নিয়ে মাগুরার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ নেত্রীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই জামিন পাওয়ার পরও নতুন মামলা দেখিয়ে আটক রাখা হচ্ছে। অন্যদিকে, পুলিশ বলছে তারা কেবল তাদের নিয়মিত পেশাদার দায়িত্ব পালন করছে।

ইছাখাদা গ্রামের মৃত জামিল হোসেনের মেয়ে কাজী সোনিয়া সুলতানা মাগুরার স্থানীয় রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। উচ্চ আদালতের জামিন পাওয়ার পরও তার এই পুনরায় গ্রেফতার হওয়া এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে।

বর্তমানে তাকে পুনরায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

এনএন/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language