রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ঢাকা, ৪ আগস্ট – রাজধানীর ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের দুই ছাত্র সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রশিবিরের নেতাকর্মীরা সায়েন্সল্যাব ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। ক্যাম্পাসে আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে গেলে সেখানে আবারও কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জকসু নেতাদের দাবি অনুযায়ী এই ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
একই দিন বিকেলে ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষকে দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
এনএন/ ৪ আগস্ট ২০২৬









