এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার

ঢাকা, ৩ আগস্ট – ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
দেশব্যাপী আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ফরাসি তারকাকে আনার পরিকল্পনা করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান যে সারাদেশে ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি করতে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠন করতে হবে। কোনো প্রতিষ্ঠান ফুটবল দল গঠনে ব্যর্থ হলে সেখানে শিক্ষার্থীর অভাব রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করার বিষয়টি সরকার বিবেচনা করবে বলেও তিনি সতর্ক করেন। ফুটবল উৎসবের পরিবেশ তৈরির লক্ষ্যে মাঠপর্যায়ে আয়োজন আরও বিস্তৃত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে এখন থেকে একটির পরিবর্তে অন্তত চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা অনুষ্ঠিত হবে। এতে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে।
এই প্রতিযোগিতার খরচ নির্বাহের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এডিপির বরাদ্দ থেকে অর্থ ব্যয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদ, পৌরসভা এবং শিক্ষা বোর্ডগুলোকেও আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
উপজেলা পর্যায়ের খেলার মাঠগুলোর মানোন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি বিশেষ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন মীর শাহে আলম। তিনি মনে করেন, মাঠগুলো সংস্কার করা হলে তৃণমূল থেকে নতুন ফুটবল প্রতিভা উঠে আসা সহজ হবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এনএন/ ৩ আগস্ট ২০২৬









