ওমানের সঙ্গে কোনো বিরোধ নেই, হরমুজ প্রণালী নিয়ে ব্যাখ্যা দিল ইরান

তেহরান, ৩ আগস্ট – হরমুজ প্রণালী বন্ধ থাকার পেছনে ওমানের সঙ্গে কোনো প্রকার মতবিরোধের তথ্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই সংকট মূলত বহিঃশক্তির সামরিক তৎপরতার কারণে সৃষ্টি হয়েছে।
তেহরানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুটে সমঝোতা প্রয়োজন। তবে শুধু এ ধরনের সমঝোতাই প্রণালীটি পুনরায় চালুর জন্য যথেষ্ট নয়। বাঘাই আরও উল্লেখ করেন, গত বছরের মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলেই এই অঞ্চলে সংকটের সৃষ্টি হয়েছে।
তার মতে, ইরান ও ওমানের মধ্যে কোনো দ্বন্দ্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমানে ওমানের সঙ্গে সাময়িকভাবে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করতে আলোচনা চলছে। গত এক সপ্তাহ ধরে চলা এই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।
ইরানের এই কর্মকর্তা স্পষ্টভাবে বলেন যে ওমানের সঙ্গে রুট নিয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়া জরুরি। এই বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এস এম/ ৩ আগস্ট ২০২৬









