ইরানের মুদ্রা রিয়াল ধ্বংস করে দিচ্ছি, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ২ আগস্ট – ইরান বর্তমানে চরম মুদ্রাস্ফীতির কবলে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। সেখানে ইরানের মুদ্রা রিয়ালের ক্রমাগত মান হ্রাসের একটি চিত্র তুলে ধরে ট্রাম্প লেখেন যে তিনি নিজেই ইরানের মুদ্রাকে ধ্বংস করে দিচ্ছেন।
ট্রাম্পের শেয়ার করা সেই চার্টে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মান ৯ লাখ থেকে কমে ১৯ লাখে দাঁড়িয়েছে। যদিও এই বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি, তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে তার এই বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করছে।
মূলত অর্থনৈতিক চাপ এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমেই ইরানের ওপর মার্কিন নীতি পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং আঞ্চলিক উত্তেজনার ফলে ইরানের মুদ্রা আন্তর্জাতিক বাজারে দর হারাচ্ছে। ট্রাম্প আরও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের ফলে ইরানের নৌ, বিমান ও স্থলবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
তার মতে, তেহরানের ড্রোন উৎপাদন সক্ষমতা এখন অত্যন্ত নিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং খুব শীঘ্রই দেশটির উল্লেখযোগ্য কোনো সামরিক শক্তি অবশিষ্ট থাকবে না।
এছাড়া তেহরান তাদের করা চুক্তির শর্তাবলি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তোলেন ট্রাম্প। মিনেসোটা অঙ্গরাজ্যে সংঘটিত একটি সাইবার হামলার জন্য তিনি সরাসরি ইরানকে দায়ী করেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে অযোগ্য আখ্যা দিয়ে এই ঘটনার জন্য তাদেরও সমালোচনা করেন তিনি।
এস এম/ ২ আগস্ট ২০২৬









