জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮, তীব্র গরমে ব্যাহত উদ্ধারকাজ

টোকিও, ২ আগস্ট – জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুমামোটো প্রদেশে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে কয়েক হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। জাপানি গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
গত মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। কর্তৃপক্ষ ৩৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হলেও আরও দুজনের মৃত্যুর কারণ ভূমিকম্প কি না তা খতিয়ে দেখছে। বর্তমানে ২১০টি আশ্রয়কেন্দ্রে নয় হাজার দুইশ জনেরও বেশি মানুষ অবস্থান করছেন।
ভূমিকম্পের প্রভাবে তিন হাজার চারশটির বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুমামোটো প্রদেশের প্রায় ৬৯ হাজার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোও পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা চালাচ্ছে।
এদিকে অঞ্চলটিতে তীব্র দাবদাহে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম কঠিন হয়ে পড়েছে। শনিবার ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা কিছু এলাকায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও অজানাই রয়েছে।
ভূমিকম্পের পরপরই একটি শপিং মলে বিস্ফোরণে সাতজন কর্মী নিহত এবং পাঁচজন আহত হয়েছিলেন। শনিবার উদ্ধারকারী দল ওই এলাকায় তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন ভবনের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান নিরূপণে পরিদর্শন অব্যাহত রয়েছে।
এস এম/ ২ আগস্ট ২০২৬









