মধ্যপ্রাচ্য

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা, ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত

মাস্কাট, ১ আগস্ট – ওমান উপকূলে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইল দিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় যে ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলা চালানো হয়। হামলার ফলে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে এর ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বর্তমানে সেটি অচল অবস্থায় রয়েছে।

ইউকেএমটিও সংশ্লিষ্ট আঞ্চলিক কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করেছে এবং কর্তৃপক্ষ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহত বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। তবে ওই অঞ্চলের জলসীমা দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের খবর নাকচ করে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নৌপথ ব্যবহারের জন্য কোনো ধরনের শুল্ক বা ফি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইয়েমেনের হুথি পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা এক বিবৃতিতে জানায় যে কৌশলগত এই জলপথটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।

সম্প্রতি সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ আরোপের ঘটনার পর লোহিত সাগরে শুল্ক আরোপ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান পরিষ্কার করল বিদ্রোহী গোষ্ঠীটি।

এনএন/ ১ আগস্ট ২০২৬


Back to top button