জাতীয়

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৩১ জুলাই – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম নিউইয়র্ক সফর।

আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। সংশ্লিষ্ট সূত্রমতে প্রধানমন্ত্রীর এই সফরটি হবে সংক্ষিপ্ত।

তিনি নিউইয়র্কে মাত্র চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং সবার জন্য একটি কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।

৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু সুরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন।

অধিবেশনের মূল বিতর্ক পর্ব ২২ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা এই বৈশ্বিক ফোরামে আন্তর্জাতিক নিরাপত্তা এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button