মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: ইরানের ৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

আম্মান, ৩০ জুলাই – মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি আবারও অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী যখন ইরানে একাধিক বড় ধরনের বিমান হামলা শেষ করার ঘোষণা দেয়, তার পরপরই এই ঘটনাটি ঘটল। জর্ডান সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে মার্কিন বাহিনী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঘাঁটি এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ঘাঁটিতে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। অন্যদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে যে হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে আমেরিকার হামলায় অন্তত তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর আমেরিকা ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় বেশ কয়েকজন যোদ্ধা এবং ইরানি উপদেষ্টা নিহত হওয়ার পর থেকেই মূলত পরিস্থিতি অবনতির দিকে যেতে শুরু করে। একই সাথে মিশরের দামিয়াত্তা বন্দরে দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে যা এই সংঘাতের পরিধি আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button