জাতীয়

সারাদেশে টানা পাঁচ দিন ভারি বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ২৯ জুলাই – দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকালের মধ্যে দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে শুক্রবার এবং শনিবারও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত সময়ে তাপমাত্রার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই এবং মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে নদীবন্দরগুলোতেও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language