আইন-আদালত

নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের জিডি: তদন্তের নির্দেশ দিলেন ঢাকার আদালত!

ঢাকা, ২৭ জুলাই – নিরাপত্তা চেয়ে আইনজীবী ও আলোচিত মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ওরফে পিয়া জান্নাতুলের করা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোস্তফা কামাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার জিডির তদন্তের বিষয়ে অনুমতির শুনানির সময় পিয়া জান্নাতুল সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। আদালত শুনানি শেষে বনানী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

এর আগে গত ৮ জুলাই পিয়া জান্নাতুল বনানী থানায় এই জিডি করেন। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত নন এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সম্প্রতি একজন নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে মানবিক ও আইনসম্মত অবস্থান গ্রহণ করার পর থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও আপত্তিকর বার্তা পাচ্ছেন।

জিডিতে পিয়া আরও অভিযোগ করেন যে, অজ্ঞাত একাধিক ব্যক্তির কাছ থেকে তার কাছে হুমকিমূলক ফোনকল আসছে এবং গত প্রায় তিন মাস ধরে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে। এসব রহস্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং যে কোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সুরক্ষা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান এই জনপ্রিয় মডেল।

এনএন/ ২৭ জুলাই ২০২৬


Back to top button