ব্যবসা

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, নতুন মূল্য কার্যকর

ঢাকা, ২৭ জুলাই – দেশের বাজারে সোনার গহনার দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই সোনার গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। এর তিন দিন পরই নতুন করে দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হলো।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও ভ্যাটসহ পুনর্নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫৯ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএন/ ২৭ জুলাই ২০২৬


Back to top button