মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

তেহরান, ২৬ জুলাই – যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। শনিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এই দাবি করেন। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে গত ৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলা ১৫ দিনের অভিযানে এই সাফল্য এসেছে।

মোহেব্বি বলেন যে ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে ১৭টি নজরদারি ও অপারেশনাল ড্রোন ছিল যার মধ্যে আটটি ছিল সম্পূর্ণ নতুন প্রযুক্তির। এছাড়া একটি এফ ১৫ যুদ্ধবিমান এবং একটি সি ১৭ সামরিক পরিবহন বিমানও ইরানের হামলায় ধ্বংস হয়েছে।

তিনি আরও দাবি করেন যে এসব বিমান মার্কিন ঘাঁটিতে অবস্থানরত অবস্থায় সফলভাবে ধ্বংস করা হয়েছে। ইরানি বাহিনীর হামলায় মার্কিন কমান্ড সেন্টার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সহ বিপুল সংখ্যক রাডার ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

মোহেব্বির দাবি অনুযায়ী এই অভিযানে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেন। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করার পরই এই পালটা হামলা চালানো হয়েছে।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button